মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভাদুরিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুর প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গত শুক্রবার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্যসচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাজ্জাদ আল মামুন জানান, গত বৃহস্পতিবার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুর বানু নামে এক নারীকে আটক করে পুলিশ। আটকের সময় ওই নারী মাদক ব্যবসায় সহযোগিতার জন্য ওসমান গনি বাবুকে ১০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান সাজ্জাদ আল মামুন। সাজ্জাদ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতাদের দলে কোনো জায়গা নেই। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওসমান গনি বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসমান গনি বাবুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।