গুপ্তধনের খোঁজে কখনো পূবে আবার কখনো পশ্চিমে, ক্লাশে বেঞ্চের কোনায়, আবার কখনোবা সিড়ির পেছনে ছুটছেন তারা। না তারা কোন শিক্ষার্থী নয়, তারা সকলেই আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের শিক্ষক। যেখানে খেলাধুলা মানেই শিক্ষার্থীরা খেলবে আর শিক্ষকেরা থাকবে বিচারকের ভূমিকায়, সেখানে আমাদের পাঠশালায় একেবারেই ভিন্ন চিত্র। এখানে শিক্ষকেরা খেলছেন আর শিক্ষার্থীরা রয়েছে বিচারকের ভূমিকায়। সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবসে আমাদের পাঠশালার ব্যতিক্রমী আয়োজনে শিক্ষকদের এভাবেই ছোটাছুটি করতে দেখা যায়।
আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে দিনাজপুরের ঈদগাহ্ আবাসিক এলাকায় অবস্থিত আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা একগুচ্ছ কর্মসূচী হাতে নেয়। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের আয়োজনে ব্রেইন গেম, গুপ্তধনের খোঁজে আবার কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিযোগিতাগুলোতে আনন্দের সাথে অংশ নেয়। তারা যেন ফিরে যায় তাদের সেই মজার শৈশবে। এমনই নানা আয়োজনে দিবসটিকে প্রাণবন্ত করে তোলা হয়।
পরে এক ছাত্র-শিক্ষক সম্মিলনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুস সালাম আজাদ।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী রওনক ইসলামের উপস্থাপনায়, চতুর্থ শ্রেণির মারজিউল ইসলাম, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুশফিক, সুলতানুল আরেফিন, মাহদিয়া, সপ্তম শ্রেণির আলিশা ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শিক্ষকদের উদ্দ্যেশে সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সবশেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।